বিধ্বংসী ঝড়

#বিধ্বংসী ঝড়
কবির নামঃ-  মিতা সিনহা
তারিখ - ২৬/০৪/২৩


এক বুক স্বপ্ন নিয়ে বাঁচতে চেয়েছিলাম আমি;
আমার ভালোবাসা ছিলো শুধু তোমারই জন্য!
হ্যাঁ দীঘা সুন্দরী-
আমার জীবনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে চেয়েছিলাম তোমাকে।

কিন্তু পারলাম কই?
বিনিময়ে তো কিছু চাইনি!
চেয়েছিলাম শুধু তোমার বুকে একটু আশ্রয়,
নিজের সর্বস্ব দিয়ে গড়ে তুলেছিলাম একটা ছোট্ট কুটির,
শুধু তোমাকে, তোমাকে, তোমাকে ভালবেসে।

মনের একান্ত গোপনে শুধু ছিলে তুমি,
ভেবেছিলাম তোমার সংস্পর্শে থেকে জীবনের বাকিটা দিন কাটাবো!
তোমায় নিয়ে কতো স্বপ্ন দেখতাম আমি;
সব স্বপ্ন আমার চোরাবালিতে তলিয়ে গেলো।

ডুবুরি হয়ে চেয়েছিলাম তোমার সমুদ্রে ভাসতে,
ঐ বিধ্বংসী ঝড় এসে সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে গেলো,
আমার স্বপ্নগুলো সব যন্ত্রনায় ছটফট করছে।

আমার বুকের পাঁজর ভেঙে  বুঝিয়ে দিয়ে গেলো;
ভালোবাসা এক তরফা হয়না!
স্বজনহারা পৃথিবীর বুকে হয়ে গেলাম নিঃসঙ্গ, একাকী,
হারিয়ে গেলো আমার পরিবার,পরিজন।

রাক্ষসীর করাল গ্রাস থেকে মুক্তি পেলো না আমার স্বপ্নের কুটির,
কোথায় তলিয়ে গেলো!

আমি এক নীড় ভাঙা ভগ্ন হৃদয়গ্রস্ত উদাসীন প্রেমিক!
আমি বাঁচতে চাই , ভালোবাসতে চাই ,
জানাতে চাই আমার মনের কথা।

সর্বগ্ৰাসী কালবৈশাখীর ঝড়ে তলিয়ে গেছে আমার গঞ্জ,
তলিয়ে গেছে আমার সব স্বপ্ন;
মাতৃভূমিকে বুকে আঁকড়ে ধরে মৃত্তিকার উপরে বাঁচতে চেয়েছিলাম আমি !

সেদিন জ্বলেছিলো বুকে আগুন;
পুড়েছিল আমার হৃদয়,
স্বজনহারা হয়ে পড়েছিলাম আমি সাদা বালুকায়।

নতজানু হয়ে প্রার্থনা করেছিলাম;
হে প্রভু, ফিরিয়ে দাও আমার সব,
রাতের অন্ধকারে জোনাকিরা আমায় দিচ্ছিল আলো!
দখিনা বাতাসের দাপটে মাতাল করে দিচ্ছিল আমায়,
প্রকৃতি কতটা নিষ্ঠুর হয়েছিল সেদিন।

প্রচন্ড খিদেতে মোচড় দিচ্ছিল পেট;
অতীত স্মৃতিচারণে কেটেছিল গোটা রাত,
ক্ষয়িষ্ণু জীবনের চেয়েছিলাম অবসান!

আমার কান্নায় আকাশও কেঁদেছিল সেদিন,
হৃদয় হয়েছিল অবরুদ্ধ ,চোখে শুধু উদাসীন শূন্যতা !
বুকের গহনে শুধুই দীর্ঘশ্বাস।

Comments