অতৃপ্ত হৃদয়
অতৃপ্ত হৃদয়
কবির নাম - মিতা সিনহা
ঝরা পলাশের পাঁপড়ি মাঝেই লেখা থাক তোমার আমার জীবনের ইতিহাস,
হয়তো আর লাল পলাশ কিংবা কৃষ্ণচূড়ার মতো সেজে উঠবে না আমার সর্বাঙ্গ;
ফাগুনের আগুন রঙে রাঙিয়ে উঠবে না মোর পলাশ রাঙা সিঁথি।
উপন্যাসের অনেক গুলো পাতা আজ খালি পড়ে রইলো,
সেখানে আর কিছু লিখতে পারছি না------
জীবনের বাকি অধ্যায় জানিনা শিউলির গন্ধে হাসবে নাকি শাপলা, শালুকের মতো ভাসবে!
আমার অতৃপ্ত হৃদয় অন্ধকারে তলিয়ে যাচ্ছে কোন অজানার দিশায়,
বিচিত্র এই পৃথিবীতে ভালবাসার উঠোনে আজ আর নেই কোন বৈচিত্র্য !
মুখের মাঝে অগণিত মুখোশে ঢাকা এই পৃথিবী;
মানুষ চিনতে বড্ড ভয় হয়--
বুকের কান্না রা আজ জমে জমে বরফে পরিণত হয়েছে,
রোজ রাতে আমার নিঃসঙ্গ জীবনের অভাব মেটাতে একটু একটু করে বিগলিত হয় সেই বরফের স্তূপ;
টুকরো টুকরো অশ্রু দানায় সিক্ত হয় আমার আদুরে জাপটে ধরা পাশবালিশ।
শূন্যতায় ভরা মন খুঁজে চলে প্রিয় জনকে,
উষ্ণতার আলিঙ্গনে আবদ্ধ হতে চায় বারবার;
শূন্য দেওয়ালের দিকে তাকিয়ে নগ্ন মন খুঁজে চলে বিগত দিনের স্মৃতি!
নিষ্ঠুর বিধাতা জানিনা কেন দিলো আমায় এ উপহার।
Comments
Post a Comment