এসো হে নববর্ষ
এসো হে নববর্ষ
কবির নামঃ- মিতা সিনহা
তারিখ - ১৫/০৪/২৩
হে বৈশাখ তুমি আসবে জানি; আমার পড়ন্ত বিকেলের গোধূলি বেলায় সব শব্দেরা উড়ে গেছে আকাশের ঐ নীল নীলিমায়,
অগণিত নক্ষত্রের মাঝে আমার হারিয়ে যাওয়া সুখ!
তোমার পদধ্বনিতে শুনতে পাই কান্নার শব্দ,
বুকের ভেতর দুমড়ে মুচড়ে ভেঙে যাওয়া কালবৈশাখী ঝড়;
হারিয়ে যাওয়া আমার পলাশের রঙ!
তবু আমি তোমায় করবো বরণ, যত্ন বসাবো মঙ্গল ঘট।
গাঁদা রজনীগন্ধার সুবাসে ভরিয়ে দেবো তোমার সর্বাঙ্গ,
শঙ্খ ধ্বনিতে করবো তোমায় বরণ।
যত্নে আঁকবো স্বস্তিক চিহ্ন লাল মলাটের বাধানো গায়ে,
দেবো তাতে সিঁদুর ভরানো টাকার ছাপ।
আর তোমায় মাথায় লিখে দেবো কাঁচা হলুদের ঠোঁটের ছোঁয়ায় সিদ্ধিদাতার নাম,
আমি জানি, তুমি ঠিক আসবে নতুন রূপে নতুন প্রভাতে;
আমার দক্ষিণ দুয়ার খুলে রেখেছি তোমার আগমনের প্রতীক্ষায়।
তুমি এসো লাল পেড়ে সাদা শাড়িতে
বেল ফুলে খোঁপা বেঁধে;
কালবৈশাখীর আঁচল উড়িয়ে প্রখর দগ্ধতার ঝুঁটি নাড়িয়ে।
কলাপাতায় রকমারি আহার সাজিয়ে থাকবো আমি তাল পাখা হাতে,
যখন তুমি আসবে হোমানলের বহ্নিশিখায় নিমজ্জিত হয়ে;
আমি তখন তালপাতার পাখার বাতাসে দেবো তোমার প্রাণ জুড়িয়ে।
দেবো তোমায় কচি ডাবের জল,
সঙ্গে দেবো রসগোল্লা,
নতুন ধুতি-পাঞ্জাবিতে সাজলেও তোমায় দারুন মানাবে,
তুমি আসবে বলেই আম কাঁঠাল ঝুলছে ডালে ডালে;
ঝরাপাতারা ঝরে গিয়ে নবপল্লবএ সেজে উঠেছে বৃক্ষরাজি,
শিমুল,পলাশ, কৃষ্ণচূড়া বিদায় বেলায় তোমার জন্য রাস্তা জুড়ে পেতে রেখেছে নরম গালিচা।
এসো হে নববর্ষ, এসো
সকল দুঃখ দূর করে ছড়িয়ে দাও
আনন্দের বন্যা,
মুখোশ গুলো টেনে খুলে শুদ্ধতায় ভরিয়ে দাও চতুর্দিক।
নিমজ্জিত হোক যেথা আছে যত হিংসা বিদ্বেষ, শোষিত নরপিশাচের দল।
অগ্নিকুন্ডের দহন জ্বালায় নিঃশেষিত হোক কুম্ভীরাশ্রু।
জীবন জুড়ে প্রজ্জ্বলিত হোক প্রদীপ শিখার আলো,
দুঃখ গুলো নিঃশেষিত হোক থাকুক সকলে ভালো।
Comments
Post a Comment