স্বপ্নের পাঠশালা
শিরোনামঃ স্বপ্নের পাঠশালা
আকাশের ঐ নীল রঙা ঘরে মেঘের দল যখন হাই তুলতে তুলতে জানলা খুলে উঁকি মারে শহরের পানে, আমি তখন নিকোনো উঠোনে দাঁড়িয়ে চেয়ে থাকি দূর আকাশের মেঘেদের পানে। মনে পড়ে যায় ছেলেবেলার সেইক্ষণ! ভোরের আলো ফোটার আগেই আমিও জানলা খুলে উঁকি দিতাম আকাশের দিকে কখন আঁধারের পর্দা সরিয়ে আলো ছড়িয়ে পড়বে পৃথিবীর বুকে! ফুলের সাজি হাতে বেরিয়ে পড়তাম ,এ গাছ সে গাছের ডালে চড়ে ফুল পাড়তে।আজো শহরের বুকে খুঁজে বেড়াই একমুঠো শিউলির গন্ধ! কোথাও খুঁজে পাই না আমার সেই প্রাণকাড়া গন্ধ। ভীষণ মনে পড়ে দাদার খেলার সেই টায়ারটা যখন লুকিয়ে রাখতাম,হন্যে হয়ে দাদা সারা বাড়িময় খুঁজে বেড়াতো তার সেই প্রিয় টায়ারটা। দাদার সাথে ডাং গুটি খেলা, সে কি কখনো ভোলা যায়? পাড়ার বন্ধুদের সাথে পুতুল খেলা, রান্নাবাটি খেলার সাথে সাথে কিত্কিত্, এক্কাদোক্কা, দাড়িয়াবান্ধা, লুকোচুরি আরো কতো কি! জীবনের বাঁকে এসে আজো খুঁজে বেড়াই আমার সেই কৈশোর কে! থেকে থেকে মনে পড়ে যায় গ্ৰীষ্মের দুপুরে যখন কালবৈশাখীর ঝড় হতো,সব ভাইবোন মিলে বেড়িয়ে পড়তাম এর তার গাছের আম কুড়োতে, তারপর শুকনো লঙ্কা আর লবণ দিয়ে ঝালনুন তৈরি করে চলতো আমমাখা, কাঁঠাল পাতাকে ঠোঙা বানিয়ে তার মধ্যে আমমাখা খেতাম কতো মজা করে। সে সব দিন হয়তো আর কোনদিন ফিরে আসবে না! আমার কৈশোর আমি তোমায় প্রতি মূহুর্তে খুঁজে বেড়াই আমার স্বপ্নের পাঠশালায়।
© সংরক্ষিত
Comments
Post a Comment